আজ থেকে বেড়েছে ভার্চুয়াল আদালতের পরিধি

১ জুন, ২০২১ ১২:২৮  
দেশে করোনাভাইরাসের সংক্রমণজনিত উদ্ভুত পরিস্থিতিতে গত ১২ এপ্রিল থেকে সীমিত পরিসরে চলা ভার্চুয়াল আদালতের পরিধি আজ (১ জুন) থেকে বাড়ছে। এখন থেকে সপ্তাহে ৫ দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ, ৩ দিন চেম্বার আদালত ও ২১ টি হাইকোর্ট বেঞ্চে ভার্চুয়াল মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালিত হবে। প্রধান বিচারপতির অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোঃ বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন (১ নং) আপিল বেঞ্চে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০ থেকে (১১.৩০ হতে ১২.০০ পর্যন্ত বিরতিসহ) দুপুর ১.৩০ পর্যন্ত বিচার কার্যক্রম পরিচালিত হবে। এর আগে সপ্তাহে মাত্র ৩ দিন আপিল বিভাগ, ২ দিন চেম্বার আদালত এবং পর্যায়ক্রমে ১৬ টি হাইকোর্ট বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।